যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা: হাজী ইকবালসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা

মো. মহিউদ্দিনযুবলীগ কর্মী মহিউদ্দিন মহিবকে কুপিয়ে হত্যার ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা হাজী ইকবালসহ ১৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) সকালে নিহত মহিউদ্দিনের মা নূর ছাহার বেগম বাদী হয়ে বন্দর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আরও ৮-১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বন্দর থানার ওসি ময়নুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘যুবলীগ কর্মী মহিউদ্দিনকে কুপিয়ে হত্যার ঘটনায় তার মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় হাজী ইকবালসহ ১৮ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে আমরা দুইজনকে গ্রেফতার করেছি। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।’

গ্রেফতার দুই আসামি হলেন- বাপ্পী ও মুছা। তাদের সোমবার রাতে গ্রেফতার করা হয়।

এর আগে সোমবার দুপুর আড়াইটার দিকে বন্দর থানাধীন মেহের আফজাল স্কুলে প্রধান শিক্ষকের কক্ষে মহিউদ্দিনকে কুপিয়ে আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাজি ইকবালের নেতৃত্বে তার ছেলে, ভাই, ভাগনেসহ ১৫-২০ জন অনুসারী স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে মহিউদ্দিনকে কুপিয়ে আহত করেন।

আরও পড়ুন- চট্টগ্রামে যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা