লক্ষ্মীপুরে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ




লক্ষ্মীপুরলক্ষ্মীপুরের কমলনগরে তিন বছরের এক শিশুকে স্থানীয় পান ব্যবসাযী মো. সাঈদ উল্যাহ ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১ জুন) সকাল ৯টার দিকে উপজেলার চরমার্টিন গ্রামে এ ঘটনা ঘটে।

ভিকটিম শিশুর স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, কমলনগরের চরলরেন্স এলাকার বাসিন্দা সাঈদ উল্লাহ চরমার্টিন এলাকার আবুল বাশারের মেয়েকে বিয়ে করে ঘরজামাই হিসেবে শ্বশুরবাড়িতে বসবাস করছেন। সকালে ওই বাড়ির পাশের ঘরের তিন বছরের শিশু তার মায়ের সঙ্গে দাদার বাড়ি যান। তার বাবাও কাজে বের হয়ে যান। এ সময় শিশুটিকে নিজেদের ঘরে ফেরার পথে স্থানীয় পান ব্যবসায়ী সাঈদ তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করেন স্বজনরা। পরে শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, শিশুটিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পর ভর্তি করা হয়েছে। ধর্ষণের ঘটনা জেনে পুলিশকে জানানো হয়েছে। রোগীর অবস্থা আশঙ্কাজনক।

কমলনগর থানার ওসি ইকবাল হোসেন বলেন, বিষয়টি জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।