নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পুরাতন ভবনের দোতলায় ৮নং ওয়ার্ডে বুধবার ভোরে পলেস্তরা খসে পড়ে দুই নার্স গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন, সিনিয়র স্টাফ নার্স স্বপ্না রানী মজুমদার ও নোয়াখালী নার্সিং ইনিস্টিটিউটের ২য় বর্ষের ছাত্রী রানী আক্তার।
হাসপাতালের সুপারিন্টেনডেন্ট ডা. খলিল উল্যাহ আহতদের বরাত দিয়ে জানান, রোগীদের প্রয়োজনীয় ওষুধ দেওয়ার পর, দু’জনে রুমে বসে বিশ্রাম নিচ্ছিল। এ সময় হঠাৎ পলেস্তরা খসে পড়ে তারা আহত হয়। আকস্মিক এ ঘটনায় রোগীদের ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে স্বপ্না রানী মজুমদারের মাথায় ১৩টি সেলাই দেওয়া হয়েছে। তাকে সিটি স্ক্যান করানোর পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, হাসপাতালের নতুন ভবনের বর্ধিত অংশের কাজ চলছে। কাজ শেষ হলে এসব জরাজীর্ণ ওয়ার্ডগুলোকে বর্ধিত ভবরে স্থানান্তর করা হবে।
এর আগেও এ ভবনের জরুরি বিভাগে পলেস্তরা খসে পড়ে কর্তব্যরত নার্স আহত হয়েছে বলে অভিযোগ রয়েছে।