রাঙামাটির বাঘাইছড়িতে দু’গ্রুপে মধ্যে বন্দুকযুদ্ধে নিহত ১

বন্দুকযুদ্ধ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে বন কুসুম চাকমা (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাঘাইছড়ি উপজেলার দুর্গম রূপকারি ইউনিয়নের দাঙ্গাছড়া গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত বন কুসুম চাকমা জেএসএস (এম এন লারমা) গ্রুপের সদস্য বলে জানা গেছে। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানান, বাঘাইছড়ি উপজেলার রূপকারি ইউনিয়নের দাঙ্গাছড়া গ্রামে বৃহস্পতিবার বিকেলের দিকে আঞ্চলিক দুই দল ইউপিডিএফ ও জেএসএস (এমএন লারমা) এর মধ্যে ঘণ্টাব্যাপি গোলাগুলি হয়। এসময় গুলিতে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন,‘আমরা একজন নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। লাশ উদ্ধার ও ঘটনাস্থল পরিদর্শনের পর বিস্তারিত জানাতে পারবো।

তবে এ ব্যাপারে জেএসএস (এমএন লারমা) দলের কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।