কর্ণফুলী নদী দূষণ, বে-ফিশিং করপোরেশনকে জরিমানা

ছবি: সংগৃহীতঅপরিশোধিত তরল বর্জ্য অপসারণ করে কর্ণফুলী নদী দূষণের অপরাধে বে-ফিশিং করপোরেশন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৪ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) পরিবেশ অধিদফতর, চট্টগ্রাম কার্যালয়ে শুনানি শেষে অধিদফতরের পরিচালক আজাদুর রহমান মল্লিক প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করেন।
পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, পরবর্তীতে একই অপরাধ সংঠিত হলে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
নগরীর পতেঙ্গা এলাকায় বে-ফিশিং করপোরেশন লিমিটেডের অবস্থান। প্রতিষ্ঠানটি ভোজ্য তেল পরিশোধন করে।
সংযুক্ত দাশ গুপ্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ প্রতিষ্ঠানটি তেল পরিশোধনের সময় বাইপাসের মাধ্যমে অপরিশোধিত তরল বর্জ্য কর্ণফুলী নদীতে অপসারণ করে। সোমবার (৩ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করা হয়। আজ মঙ্গলবার শুনানি শেষে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ ৬৪ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি হলে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হবে বলে তাদের সতর্ক করা হয়েছে।