যুবলীগ কর্মী মহিউদ্দিন হত্যা মামলায় হাজী ইকবাল কারাগারে

কারাগার

যুবলীগ কর্মী মহিউদ্দিন হত্যা মামলার প্রধান আসামি হাজী ইকবালকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দীন মুরাদের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন। কারাগারে পাঠানো আসামি হাজী ইকবাল ওই মামলার প্রধান আসামি বলে তিনি জানান।

নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেন, দীর্ঘদিন পলাতক থাকার পর আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

গত ২৬ মার্চ চট্টগ্রাম নগরীর সল্টগোলা ক্রসিংয়ের মেহের আফজাল উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের একটি সভা চলাকালীন সময় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে যুবলীগ কর্মী মো. মহিউদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যার করা হয়। হত্যাকাণ্ডের পরদিন নিহত মহিউদ্দিনের মা হাজী ইকবালসহ ১৭ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। গত ২২ জুলাই যুবলীগ কর্মী মহিউদ্দীন হত্যায় হাজী ইকবালসহ ২০ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় বন্দর থানা পুলিশ।

অভিযোগ পত্রে স্থানীয় আওয়ামী লীগ নেতা হাজী ইকবাল, তার ভাই মুরাদ, ছেলে আকবর, বিপ্লব, ডিউক, আজাদ, শেখ মহিউদ্দিন, মাহিব, আজগর, জিসানসহ মোট ২০ জনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে ৯ জন কারাগারে ছিলেন। হাজী ইকবালসহ ১১ জন আসামি পলাতক ছিলেন।