কুমিল্লায় বিদ্যুতের তার ছিঁড়ে সিএনজিতে: নিহত ৪

 

কুমিল্লাকুমিল্লার নাঙ্গলকোটে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে একটি সিএনজি চালিত অটোরিকশায় স্পৃষ্ট হয়ে আগুন লেগে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। শুক্রবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নাঙ্গলকোট উপজেলার দোলখার ও নাঙ্গলকোট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম এ তথ্য জানান।

নিহতরা হলেন একই পরিবারের তিনজনের মধ্যে হাবিব উল্লাহর ছেলে মাওলানা আবু তাহের (৬০), তার ছেলে মাওলানা আবু বায়োজিদ (৩৮) ও মেয়ে ফাহিমা আক্তার হেনা (৩০), অটোরিকশাচালক সারোয়ার হোসেন (৩০)। তাদের সবার বাড়ি নাঙ্গলকোটের জেড্ডা পূর্ব ইউনিয়নের শংকরপুর গ্রামে।

আশরাফুল ইসলাম জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টায় দোলখার-নাঙ্গলকোট সড়কের বাগমারা এলাকায় পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়ে। এতে সিএনজিতে আগুন ধরে যায়। এ সময় অটোরিকশায় থাকা ছয়জনের মধ্যে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হন। এ সময় আহত হন মাওলানা আবু বায়োজিদের স্ত্রী মরিয়ম (১৯) ও কোলে থাকা শিশু আবদুল আফসার।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘দাওয়াত শেষ করে অটোরিকশায় তারা বাড়ি ফিরছিলেন। এ সময় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তবে কী কারণে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে তা এখনও জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।’