নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

কুমিল্লাকুমিল্লার চান্দিনায় নিখোঁজের দুই দিন পর ইভান (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ অক্টোবর) উপজেলা সদরের মহারং এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ইভান আহমেদ মহারং গ্রামের জহিরুল ইসলামের ছেলে ।

নিহতের পিতা জহিরুল ইসলাম জানান, রবিবার (৩০ সেপ্টেম্বর) পাশের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে অন্যান্য বাচ্চাদের সঙ্গে সেও যায়। কিন্তু সন্ধ্যা ৬টার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরদিন সকাল থেকে আশপাশের এলাকায় মাইকিং করা হয়। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন পাশ্ববর্তী একটি ডোবায় লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

এস.আই জাহাঙ্গীর আলম খান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।