তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই দুই ছাত্রীর একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয় আমরা খতিয়ে দেখছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযুক্তরা হলেন বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইমরান হোসাইন, একই বিভাগের তৃতীয় শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম আরিফ ও নাদির, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তৃতীয় বর্ষের ইজাজ হায়দার ইজু এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শোয়েবুর রহমান কনক। অভিযুক্তরা সবাই বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন সিএফসি গ্রুপের কর্মী ও ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী।
জানা যায়, গত বুধবার অভিযোগকারী দুই ছাত্রী সমাজবিজ্ঞান অনুষদের ক্যান্টিনে দুপুরের খাবার খাচ্ছিলেন। এ সময় ক্যান্টিনে থাকা ৫ ছাত্রলীগ কর্মী তাদের অশালীন ভাষায় গালিগালাজ করেন। একজন সাংবাদিক বাধা দিলে তাকেও লাঞ্ছিত ও গালিগালাজ করে তারা। এরপর তারা ক্যাম্পাসে ছাত্রলীগের কমিটি দেয়ার পর সব সাংবাদিককে ধরে ধরে পিটাবে বলে হুমকি দেয় ।
প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর র্যাগিংয়ে বাধা দেওয়ায় মিনহাজ তুহিন নামে বিশ্ববিদ্যালয়ে কর্মরত একটি জাতীয় দৈনিকের প্রতিনিধিকে মারধর করে ছাত্রলীগ কর্মীরা। এরপর এ ঘটনায় চারজনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।