মীরসরাইয়ের জঙ্গি আস্তানা থেকে ২ জনের মরদেহ উদ্ধার

জঙ্গি আস্তানার পাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থানচট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকার জঙ্গি আস্তানা থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করেছে র‌্যাব। শুক্রবার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান। তিনি বলেন, ‘এ ব্যাপারে পরে বিফ্রিংয়ে বিস্তারিত জানানো হবে।’ ঘটনাস্থল থেকে কয়েকটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

মুফতি মাহমুদ খান বলেন, ‘বাড়ির মালিক ও কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমাদের ডিসপোজাল ইউনিট বাড়িটির চারপাশে অভিযান চালাচ্ছে। কয়েকটি অবিস্ফোরিত গ্রেনেড পাওয়া গেছে। আরও বোম বা বিস্ফোরক দ্রব্য পাওয়া যায় কিনা তা দেখা হচ্ছে। আস্তানার ভেতরের অবস্থা কি তা জানাতে কিছুটা সময় লাগবে।’ এর আগে ঢাকা থেকে সকাল ৯টার দিকে ঘটনাস্থালে পৌঁছায় বোম্ব ডিসপোজাল ইউনিট।

এদিকে, ভোরে চট্টগ্রামের র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাশকুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, গোপন সংবাদ পেয়ে রাতে জোরারগঞ্জ এলাকায় অভিযানে যায় র‌্যাব। রাত ৩টা থেকে র‌্যাব সদস্যরা ওই জঙ্গি আস্তানা ঘিরে রাখে। এসময় আধা ঘণ্টার মতো বন্দুকযুদ্ধ হয়। এরপর বাসাটির ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ঘরের টিন উড়ে গেছে। ভেতরে যারা ছিল তারাই বিস্ফোরণ ঘটিয়েছে। ওই আস্তানায় তিন থেকে চার জন জঙ্গি থাকতে পারে বলে আমরা ধারণা করছি।’

আরও পড়ুন..

মীরসরাইয়ের জঙ্গি আস্তানা থেকে গ্রেনেড উদ্ধার

মীরসরাইয়ে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান