‘ক্ষমতা দখলের জন্য নয়, মানুষের উন্নয়নের জন্য রাজনীতি’

বক্তব্য রাখেন ড. মশিউর রহমানরাজনীতি ক্ষমতা দখলের জন্য নয়, মানুষের উন্নয়নের জন্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান। তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন শিক্ষার অগ্রসরে কাজ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রাজনীতি ক্ষমতা দখলের জন্য নয়, মানুষের উন্নয়নের জন্য। জাতির উন্নয়ন ও সমৃদ্ধির স্বার্থে এ বিষয়ে কারও দ্বিমত পোষণের কোনও সুযোগ নেই।’

শনিবার (২৭ অক্টোবর) কুমিল্লার চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক উপদেষ্টা। এসময় দেশের উন্নয়ন অব্যাহত রাখার স্বার্থে প্রধানমন্ত্রীকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

শতবর্ষ পূর্তি উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য আবদুল মান্নান চৌধুরী, চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান তপন বক্সী, উপজেলা নির্বাহী অফিসার এস.এম জাকারিয়া, সাবেক সচিব গোপাল চন্দ্র সেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর শামসুল হক, সাবেক শিল্প সচিব দেওয়ান জাকির হোসেন, যুগ্ম-সচিব মো. আবদুস সাত্তার, কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের সাবেক ডিজি আবদুর রশিদ।