কুমিল্লায় মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে পিতার মৃত্যু

কুমিল্লাকুমিল্লার চৌদ্দগ্রামে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে পিতার মৃত্যু হয়েছে। রবিবার (৪ নভেম্বর) চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পিতার নাম আবদুস সাত্তার ওরফে মাইনু মিয়া (৬২)। ঘাতক ছেলে ফরহাদ হোসেনকে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার পরিদর্শক তদন্ত শুভরঞ্জন চাকমা বলেন, ‘পারিবারিক বিরোধ নিয়ে কথাকাটাকাটির জের ধরে রবিবার সকালে মাদকাসক্ত ছেলে স্বাস্থ্য সহকারী ফরহাদ হোসেন তার পিতা আবদুস সাত্তার ওরফে মাইনু মিয়ার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মাইনু মিয়ার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ঘাতক ফরহাদ হোসেনকে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার এবং ঘাতক ফরহাদকে আটক করে।’

পুলিশ কর্মকর্তা রঞ্জন চাকমা আরও বলেন, ‘এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’