ফেনীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪

ফেনীফেনীর দাগনভূঞায় বাস-অটোরিকশা সংঘর্ষে  নিহতের সংখ্যা বেড়ে  চার জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। সোমবার (৩ ডিসেম্বর) বেলা ২টার দিকে উপজেলার দাগনভূঞা-বসুরহাট সড়কের দুধমুখা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন অটোরিকশা চালক ইসমাইল। তার বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায়। অন্যরা হলেন-নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার গাংচিল গ্রামের শাহজাহানের স্ত্রী খোদেজা বেগম (৪০), তার ছেলে শাকিল (১২), ভাতিজা মাহিন (৩)।

দাগনভূঞা থানার ওসি সালাহ উদ্দিন বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে ফেনীর দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস দুধমুখা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেতে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। নিহতদের মধ্যে খোদেজা ঘটনাস্থলে ও অপর তিনজন ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান।’ 

বাসটি আটক করা হয়েছে এবং চালক পলাতক রয়েছে। গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।