কুমিল্লা-৩ আসনে আক্রান্ত ব্যক্তির বিরুদ্ধেই হামলার অভিযোগ!




কুমিল্লা-৩ আসনের বিএনপির প্রার্থী কেএম মুজিবুলকুমিল্লা-৩ আসনে প্রচারণাকালে প্রতিপক্ষের হামলার শিকার হন বলে অভিযোগ করেছিলেন বিএনপির প্রার্থী কেএম মুজিবুল। তবে নির্বাচনি তদন্ত ট্রাইব্যুনালে বিএনপি প্রার্থী ও সমর্থকদের বিপক্ষেই অভিযোগ দায়ের হয়েছে বলে জানিয়েছেন প্রার্থী মুজিবুল। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) কুমিল্লার আদালতে নির্বাচন ট্রাইব্যুনালে শুনানিতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

কেএম মুজিবুল সাংবাদিকদের জানান, ‌অভিযোগে বলা হয়েছে তার ছোট ভাইয়ের নেতৃত্বে প্রতিপক্ষের ওপর হামলা চালানো হয়েছে। তারা তার ছোট ভাই জুন্নুন বসরীর একটি ‘এডিট করা ছবি’ নির্বাচনি তদন্ত ট্রাইব্যুনালে জমা দেয়। অথচ জুন্নুন বসরী ওই দিন মালয়েশিয়া ছিলেন বলে দাবি করেছেন তিনি।

বিএনপি প্রার্থী আরও বলেন, ‘কুমিল্লা-৩ আসনে প্রতিদিন প্রতিপক্ষ আচরণবিধি লঙ্ঘন করছে। সেগুলো আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী দেখেও দেখছে না। মনে হচ্ছে নৌকার প্রার্থীর বিপক্ষে নির্বাচন করছি না। নির্বাচন করছি মুরাদনগর ও বাঙ্গরা থানার দুই ওসির বিরুদ্ধে। তারা প্রতিদিন নেতাকর্মীদের হয়রানি করছেন। ভালো মানুষ ধরে এনে, ডেকে এনে মাদক ও অস্ত্র দিয়ে চালান দিচ্ছেন।’

এসব বিষয়ে বাঙ্গরা থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘কাউকে হয়রানির অভিযোগ সত্য নয়। বিএনপির প্রার্থী সহযোগিতা চাইলে আমরা ফোর্স দিয়ে তাকে সহযোগিতা করবো।’

অন্যদিকে মুরাদনগর থানার ওসি মঞ্জুর আলম বলেন, ‘গত ১৪ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত মুরাদনগরের কোথাও বিএনপির প্রার্থীর প্রচার কাজে পুলিশি বাধা বা প্রতিপক্ষের নেতাকর্মীরা হয়রানির শিকার হয়েছে এমন কোনও ঘটনা ঘটেনি। কোনও সহযোগিতা চাইলে আমরা তাকে সহযোগিতা করবো।’