বুধবার (০২ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১১টার দিকে আদর্শ সদর উপজেলার মনাগ্রাম এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে। নিহত সাইফুল আদর্শ সদর উপজেলার জোড়ামেহের গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও ৩০০ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় ৩ পুলিশ আহত হয়।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মৃধা জানিয়েছেন, পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী সাইফুল তার সহযোগীদের নিয়ে মনাগ্রাম এলাকায় অবস্থান করছে, এমন খবর পেয়ে ডিবি ও কোতোয়ালি মডেল থানা পুলিশ মনাগ্রাম এলাকায় অবস্থান নেয়। উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী সাইফুলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সন্ত্রাসী সাইফুল গুলিবিদ্ধ হয়।
গুলিবিদ্ধ সাইফুলকে উদ্ধার করে কুমেক হাসপাতালে নেওয়ার পর রাত ১২টার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। অভিযানে অংশ নেওয়া কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু সালাম মিয়া জানিয়েছেন, নিহত সাইফুল পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ বিভিন্ন অভিযোগে থানায় ৫টি মামলা রয়েছে। আহত পুলিশ সদস্যদের কুমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।