সাংবাদিক ও তার স্ত্রীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

মামলাখাগড়াছড়িতে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে এক সাংবাদিক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে। রবিবার দুপুরে খাগড়াছড়ির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলমের আদালতে মামলাটি করেন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ৩ মার্চের মধ্যে খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে নুরুল আজম উল্লেখ করেন, সাংবাদিক জীতেন বড়ুয়া ও তার শিক্ষিকা স্ত্রী মিলে গোপন বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের ভিডিও ধারণ করে। পরে ওই ভিডিও’র ভয় দেখিয়ে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে টাকা আদায় করে। এরই ধারাবাহিকতায় নুরুল আজমের কাছে তারা ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা না দেওয়ায় তার ফেসবুক আইডি হ্যাক করা হয়। পরে বিভিন্ন মিথ্যাচার করে তার সম্মান ক্ষুণ্ন করা হয়। ওই দম্পতি তার ১০ কোটি টাকার মানহানি করেছে বলে দাবি করেন তিনি।

বাদীপক্ষের আইনজীবী আবদুল মমিন জানান, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর ৩৪, ২২, ২৩, ২৫(ক), ২৯, ৩১ ধারা, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর ৮(২ ও ৪) ধারা এবং দণ্ডবিধি আইনের ৪২০, ২০৯, ৩৮৫, ৫০৫(ঘ) ও ৩৪ ধারায় সাংবাদিক নুরুল আজম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়েছেন। আদালত আগামী ৩ মার্চের মধ্যে খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এ ব্যাপারে সাংবাদিক জীতেন বড়ুয়া বলেন, ‘নুরুল আজম শত্রুতার জের ধরে মামলাটি করেছে। কিছু দিন আগে সে আমার স্ত্রীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করায় তার বিরুদ্ধে মামলা হয়েছিল। নিজের দোষ আড়াল করতে সে উল্টো আমাদের বিরুদ্ধে মামলা করেছে।
প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়ার স্ত্রী সাংবাদিক নুরুল আজমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে ২০ জানুয়ারি আদালত তাকে জামিন দেন।