কক্সবাজারে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার

কক্সবাজারকক্সবাজার সদর হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও নার্সদের চার দিন ধরে চলমান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) সকাল থেকে হাসপাতালে চিকিৎসাসেবা শুরু হয়। বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) কক্সবাজারের সাধারণ সম্পাদক ডাক্তার মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে ডা. মাহবুবুর রহমান জানিয়েছেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ের আশ্বাস, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও জেলা বিএমএর সহযোগিতায় ইন্টার্নি চিকিৎসকদের আন্দোলন স্থগিত করা হল। স্বাস্থ্য বিভাগের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ও বিএমএর নেতৃত্বে চিকিৎসকদের বুঝিয়ে কর্মসূচি স্থগিত করা হয়। রবিবার (৭ এপ্রিল) রাতে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার সকাল থেকে কক্সবাজার সদর হাসপাতালে সব ধরনের চিকিৎসাসেবা চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। চিকিৎসা চলাকালীন সব স্তরের মানুষকে চিকিৎসকদের সহযোগিতার আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) কক্সবাজার সদর হাসপাতালে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগে স্বজনরা হামলা ও ভাঙচুর চালায়। এসময় তিন চিকিৎসক ও কয়েকজন নার্স আহত হন। এ ঘটনার পর থেকে ইন্টার্নি চিকিৎসকরা ধর্মঘটে যায়। রবিবার হামলাকারীদের বিরুদ্ধে মামলা রুজু হওয়ার পর ও তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।