‘চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’ এই শ্লোগানকে সামনে রেখে মাদক নির্মূল করতে সীমান্তে অভিযান অব্যাহত রেখেছে র্যাব-১৫ এর সদস্যরা। গেল এপ্রিল মাসে কক্সবাজারের টেকনাফ সীমান্তে ২ লাখ ২৬ হাজার ৪৭০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-১৫। এ ঘটনায় জড়িত সাত রোহিঙ্গসহ ১৭ জনকে আটকসহ ১০টি মামলা করেছে র্যাব।
বৃহস্পতিবার বিকেলে র্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লেফটেনান্ট মির্জা শাহেদ মাহাতাব এসব তথ্য জানান।
র্যাবের দাবি, মাদক নির্মূল করতে কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান অব্যাহত রয়েছে। এরইমধ্যে সূত্র ধরে গত মাসে টেকনাফ র্যাব-১৫ সদস্যরা জল-স্থলপথসহ বিভিন্ন বাড়ি ও চেকপোস্টে অভিযান চালিয়ে ২ লাখ ২৬ হাজার ৪৭০ পিস উদ্ধার করেছে। এছাড়া একটি দেশীয় অস্ত্র, ৩টি বুলেট, ৪৩ হাজার লিটার মদ, একটি বাস ও ইয়াবা বিক্রির সাড়ে ২৫ হাজার নগদ টাকা উদ্ধার করেছে। এক মাসে ১৭ পাচারকারিকে আটক করা হয়েছে। তার মধ্যে ৭ জন রোহিঙ্গা রয়েছে। এ ঘটনায় ১০টি মামলা দায়ের করা হয়েছে। আটক রোহিঙ্গারা ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার থেকে পালিয়ে এসে টেকনাফে আশ্রয় নেয়। সর্বশেষ ২৭ এপ্রিল টেকনাফ পৌরসভার ইসলামবাদ এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ইয়াবাসহ সাবেকুন নাহার (২৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব।
এ প্রসঙ্গে র্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহাতাব বলেন, ‘এপ্রিল মাসে ২ লাখ ২৬ হাজারের বেশি ইয়াবাসহ ১৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে বেশির ভাগই মাদক ব্যবসায়ী।
তিনি আরও বলেন, ‘সীমান্তে মাদক নির্মূল করতে র্যাব সদস্যরা জীবন বাজি রেখে অভিযান অব্যাহত রেখেছে। পাশাপাশি মাদক বন্ধ করতে রোহিঙ্গা শিবির ও সীমান্তে র্যাবের টহল বৃদ্ধি করা হয়েছে।’