ফেনীতে সরকারিভাবে কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহ শুরু

01ফেনীতে কৃষকের কাছ থেকে সরকারিভাবে অনুষ্ঠানিক বোরো ধান সংগ্রহ শুরু করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) জেলা খাদ্য গুদামে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান।
জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান এসময় বলেন, ‘ফেনীতে ৮৭৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে । প্রতি কেজি ধান ২৬ টাকা দরে মণ প্রতি কৃষককে এক হাজার ৪০ টাকা করে দেওয়া হবে। ধানের ন্যায্যমূল্য দিতে কেউ কৃষকদের সঙ্গে গড়িমসি করলে কিংবা নয়-ছয় করলে তাকে কঠোর শাস্তি পেতে হবে।’
জেলা খাদ্য নিয়ন্ত্রক এসএম কায়ছার আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী কৃষি অধিদফতরের উপ-পরিচালক মো. জয়েন উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএন আবদুল্লাহ আল মামুন, প্রকল্প মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন, সদর উপজেলা খাদ্য পরিদর্শক মো. শাহীন মিয়াসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।
জেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এবার ফেনী সদরে ২৬৩, ছাগলনাইয়ায় ১৫৯, দাগনভূঞায় ১৯০, পরশুরামে ৯৪, ফুলগাজীতে ১৩৪ ও সোনাগাজীতে ৩৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এছাড়া কেজি ৩৬ টাকা দরে ফেনী জেলায় চাল সংগ্রহ করা হবে ২ হাজার ৯৪২ মেট্রিক টন।