পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘রোহিঙ্গা শিবিরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জনবল আরও বাড়ানো হবে। একইসঙ্গে এখানে স্থায়ীভাবে পুলিশ ক্যাম্প বৃদ্ধির ব্যাপারে সরকারের কাছে প্রস্তাব দেওয়া হবে।’
মঙ্গলবার (৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজারের উখিয়ার ১৭নং রোহিঙ্গা ক্যাম্পে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ‘আমরা একসঙ্গে এসে এখানকার পরিবেশ-পরিস্থিতি দেখে গেলাম। রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকায় গিয়ে একটি পরিকল্পনা করবো।’
এসময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম ও র্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদ, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান ও পুলিশের অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলাম এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খোন্দকার গোলাম ফারুক উপস্থিত ছিলেন।