চবির শাটল ট্রেন আধুনিকায়নের আশ্বাস রেলমন্ত্রীর

বক্তব্য রাখছেন রেলমন্ত্রী (ছবি– প্রতিনিধি)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে শহরে চলাচলকারী শাটল ট্রেনে ওয়াইফাইসহ অন্য সুযোগ-সুবিধা বৃদ্ধির আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম। বুধবার (২৪ জুলাই) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয় উপাচার্যের সম্মেলন কক্ষে এক সভায় তিনি এ আশ্বাস দেন।

রেলমন্ত্রী বলেন, ‘চবি শিক্ষার্থীরা শাটল ট্রেনে কীভাবে যাতায়াত করে, সেটা অনুভব করতে নিজ ইচ্ছায় শাটলে করে এসেছি। বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনের রেললাইন ও ঝুঁকিপূর্ণ সেতু আগামী ৩ মাসের মধ্যে সংস্কার করা হবে। বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে দুই পাশে প্ল্যাটফর্ম করার চেষ্টা করবো। শাটলের উন্নয়ন ও আধুনিকায়নে যা যা করার প্রয়োজন তা করার চেষ্টা থাকবে।’

নূরুল ইসলাম বলেন, ‘কারও কোনও গাফিলতি সহ্য করা হবে না। গাফিলতি দেখলে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে। বর্তমানে যে শাটল ট্রেন চলছে, সেটা চলবে। আগামী জুনের মধ্যে নতুন ২০০ কোচ রেলবহরে যুক্ত হবে; সেখান থেকে চবি শিক্ষার্থীদের জন্য একটি নতুন কোচ সংযোজন করা হবে।’

বিশ্ববিদ্যালয় স্টেশনে রেলমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা (ছবি– প্রতিনিধি)

তিনি আরও বলেন, ‘রেল কর্মকর্তাদের দায়িত্ব সুচারুভাবে পালন করতে হবে। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, রেলসেবাকে আরও আধুনিকায়ন করতে। আমি তার নির্দেশনায় আধুনিক রেলসেবা পৌঁছে দিতে চেষ্টা করবো।’

এর আগে দুপুর ২টায় চট্টগ্রাম স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে আসা শাটল ট্রেনের বিশেষ বগিতে করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পসে আসেন রেলমন্ত্রী। চবির দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শিরিন আখতার বিশ্ববিদ্যালয় স্টেশনে মন্ত্রীকে ফুলেল শুভেচছা জানান।

পরে উপাচার্যের সম্মেলন কক্ষে বক্তব্য রাখেন মন্ত্রী। এসময় শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণ সেতু ও রেললাইন সংস্কার করা, বিশ্ববিদ্যালয় স্টেশনে ডাবল প্ল্যাটফর্ম করা, বগিবৃদ্ধি করাসহ কিছু দাবি উত্থাপন করেন।