নামহীন প্রতিষ্ঠান থেকে এক টন নিষিদ্ধ পলিথিন জব্দ





জব্দ পলিথিনচট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ পশ্চিম ছড়ারকুল এলাকায় একটি নামবিহীন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এক টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদফতর। শনিবার (৩১ আগস্ট) সকালে পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিকের নেতৃত্বে একটি টিম ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এগুলো জব্দ করে। অধিদফতরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা এ তথ্য জানিয়েছেন।
সংযুক্তা দাশ গুপ্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ মজুত করা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে অভিযান চালানো হয়। এ সময় সেখানে প্রায় এক টন পলিথিন পাওয়া যায়। এগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের মালিক জামাল উদ্দিনকে রবিবার (১ সেপ্টেম্বর) অধিদফতরের কার্যালয়ে শুনানিতে অংশ নিতে নোটিশ দেওয়া হয়েছে।’