কালুরঘাটে রেলসহ নতুন সড়ক সেতুর দাবিতে রেল ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি সিপিবির

কালুরঘাটে রেলসহ নতুন সড়ক সেতুর দাবিতে সিপিবি পদযাত্রা

কালুরঘাটে রেলসহ নতুন সড়ক সেতুর দাবিতে রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দফতর সিআরবিতে রেল ভবন ঘেরাও এবং কালুরঘাট সেতু অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) চট্টগ্রাম জেলার নেতারা। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে কালুরঘাট এলাকায় নতুন সেতু নির্মাণের দাবিতে আয়োজিত সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী।

সমাবেশে মৃণাল চৌধুরী বলেন, ‘মানুষের কষ্ট আর দুর্ভোগ নিয়ে রাজনীতি আমরা চাই না। তাই কালুরঘাটে আধুনিকমানের নতুন রেললাইনসহ সেতুর নির্মাণ এখন গণদাবিতে পরিণত হয়েছে। এই দাবি বাস্তবায়নে কোনও ধরনের টালবাহানা সহ্য করা হবে না। কালুরঘাটে রেলসহ সেতু নির্মাণের দাবিতে জনগণকে সঙ্গে নিয়ে ভবিষ্যতে সিআরবি রেল ভবন ঘেরাও এবং কালুরঘাট সেতু অবরোধসহ আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মৃণাল চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলার সভাপতি আবদুল নবী, সাধারণ সম্পাদক অধ্যাপক অশোক সাহা, মো. জাহাঙ্গীর, অধ্যাপক কানাই লাল দাশ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, প্রায় শতাধিক বছরের পুরোনো কর্ণফুলী নদীর ওপর নির্মিত কালুরঘাট সেতু আজ ক্রমবর্ধমান মানুষ আর গাড়ির চাপে জরাজীর্ণ। একমুখী এই সেতু দিয়ে প্রতিদিন প্রায় লক্ষাধিক মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। জরাজীর্ণ এই সেতুর কারণে আধঘণ্টা থেকে একঘণ্টার দূরত্বের পথ পাড়ি দিয়ে চট্টগ্রাম শহরে পৌঁছাতে সময় লেগে যায় পাঁচ থেকে ছয় ঘণ্টা। এই মানবেতর অবস্থা থেকে মানুষ মুক্তি চায়। কথিত উন্নয়নের জোয়ারে স্থবির হয়ে আছে পুরো বোয়ালখালী ও পটিয়ার একাংশের জনজীবন।

পরে সমাবেশ শেষে সেতুর পশ্চিম পাড় থেকে পূর্ব পাড় পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়।