জানা যায়, সোমবার জয়াগ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে স্কুল কমিটির সদ্য নির্বাচিত সদস্য ও জয়াগ ইউনিয়ন ৫নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য শফিকুল ইসলাম ও পরাজিত প্রার্থী মো. শাখাওয়াতের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর একপর্যায়ে মো. শাখাওয়াত, কুদ্দুস, শান্ত ও বাদলের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে ১৫-২০ জন যুবক নির্বাচিত সদস্য শফিকুল ইসলাম ও তার সমর্থকদের ওপর হামলা চালায়। এ ঘটনায় শফিকুলের সমর্থক রিয়াদ মাহমুদ, মিজানুর রহমান ও পরাজিত প্রার্থী মো. শাখাওয়াতের সমর্থক শান্ত আহত হন। বর্তমানে তারা চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
হামলার শিকার ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, হামলার সময় তার মোটরসাইকেলে আগুন ও তার অফিসসহ তিনটি দোকান ভাঙচুর করা হয়।
সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।