চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা চারটি ইটভাটায় অভিযান চালিয়েছে প্রশাসন। বুধবার (১৬ অক্টোবর) চাঁদপুর পরিবেশ অধিদফতরের উদ্যোগে এ অভিযান চালানো হয়। এ সময় প্রতিটি ইটভাটার মালিককে ১৫ হাজার করে মোট ৬০ হাজার টাকা জরিমানা এবং ইটভাটার সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
এই চারটি ইটভাটা হলো— মতলব দক্ষিণ উপজেলার চরমুকুন্দি এলাকার মেসার্স মতলব স্ট্যান্ডার্ড ব্রিকস, বাইশপুরের মেসার্স শাহ পরান ব্রিকস, উত্তর বাইশপুর এলাকার মেসার্স কে এস ব্রিকস ও মেসার্স সি এস ব্রিকস।
জেলা পরিবেশ অধিদফতর সূত্র জানায়, মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমীনের নেতৃত্বে ইটভাটাগুলোর বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘনের দায়ে অভিযান চালানো হয়। অভিযানে এই চারটি ইটভাটাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
চাঁদপুর পরিবেশ অধিদফতরের উপপরিচালক এএইচএম রাসেদ ও পরিদর্শক উত্তম কুমার জানান, ভ্রাম্যমাণ আদালত চলাকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ/সংশোধন) আইন, ২০১৯ অনুসারে নিষিদ্ধ এলাকায় অবস্থিত এ চারটি ইটভাটাকে গ্রহণযোগ্য স্থানে স্থানান্তরের জন্য বলা হয়। এছাড়া, চলতি মৌসুমে ইটভাটাগুলোর সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়। পরিদর্শক উত্তম কুমার বলেন,‘ ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’