বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নোমান হোসেন প্রিন্স বলেন, ‘কোচিং ফি দিতে না পারায় শিক্ষার্থীদের জেএসসি পরীক্ষার প্রবেশপত্র দিচ্ছে না, খবরটি পেয়ে আমি প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। বিষয়টি সমাধান করা হয়েছে। শিক্ষা নিয়ে কোনও অবহেলা চলবে না। কোমলমতি শিশুদের সঙ্গে এমন আচরণ কাম্য নয়।’ তিনি বাংলা ট্রিবিউনকে ধন্যবাদ জানান।
প্রধান শিক্ষক দিপ্তী কণা দে বলেন,‘আমরা শিক্ষার্থী ও অভিভাবকদের ডেকে এনে প্রবেশপত্র দিয়ে দিয়েছি।’
অভিভাবকদের অভিযোগ, বুধবার (৩০ অক্টোবর) পর্যন্ত প্রবেশপত্র দেয়নি বিদ্যালয়টির শ্রেণি শিক্ষক আবুল কালাম আজাদ। বাংলা ট্রিবিউনে খবর প্রকাশের পর তা নজরে আসে বান্দরবানের জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী অফিসারের। পরে তাদের নির্দেশে তড়িগড়ি করে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ডেকে এনে কোনও ধরনের কোচিং ফি ছাড়াই প্রবেশপত্র দিয়েছেন শ্রেণি শিক্ষক আবুল কালাম আজাদ ও প্রধান শিক্ষক দিপ্তী কণা দে।
কোনও ধরনের কোচিং ফি না দিয়ে বিনামূল্যে প্রবেশপত্র পেয়ে বাংলা ট্রিবিউনকে ধন্যবাদ জানিয়েছেন অভিভাবকেরা।