বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘সহকারী প্রকৌশলী (সিভিল) মো. আশ্রাফুজ্জামান পলাশকে সাময়িক বরখাস্ত করা একটি অফিস আদেশ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ইস্যু করা হয়েছে বলে শুনেছি। তবে এখন পর্যন্ত এটি আমাদের কাছে পৌঁছায়নি।’
এর আগে, গত ১ এপ্রিল সিটি করপোরেশনের কার্যালয়ের এক ঘটনাকে কেন্দ্র করে আশ্রাফুজ্জামান আলোচনায় আসেন। ওই সময় পলাশ অভিযোগ করেছিলেন, নগরীর ফইল্যাতলী এলাকার একটি সড়কের পাশে নালা নির্মাণ বিষয়ে বিরোধ নিয়ে মেয়র আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে কথা বলতে গেলে মেয়র তাকে মারধর করেন। পরে বিষয়টি গণমাধ্যমে এলে ব্যাপক সমালোচনা হয়।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রাশিদুল ইসলাম স্বাক্ষরিত ওই অফিস আদেশে বলা হয়, গত ৩১ অক্টোবর বিকাল ৫টা ৫০ মিনিটের দিকে গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের অফিস কক্ষে প্রবেশ করেন সহকারী প্রকৌশলী (সিভিল) মো. আশ্রাফুজ্জামান। এ সময় একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে তিনি চেয়ারম্যানের সঙ্গে ঔদ্ধত্য আচরণ করেন, তার বদলির বিষয়ে প্রশ্ন করেন এবং বদলি না করা সত্ত্বেও তাকে বর্তমান কর্মস্থল থেকে যেন বদলি করা না হয় সেজন্য চাপ প্রয়োগ করেন।
অফিস আদেশে আরও বলা হয়, তার এমন আচরণ চাকরির শৃঙ্খলা ও নিয়মের সুস্পষ্ট অবমাননা, অশোভনীয় এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ (কর্মকর্তা-কর্মচারী) চাকরি প্রবিধানমালা, ২০০৫-এর প্রবিধান ২ (ক) অনুসারে অসদাচরণভুক্ত এবং গুরুদণ্ডযোগ্য অপরাধ। এই প্রেক্ষিতে প্রবিধান ৪৩ অনুসারে আশ্রাফুজ্জামানকে ৩১ অক্টোবর থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ সম্পর্কে জানতে সহকারী প্রকৌশলী আশ্রাফুজ্জামানের মোবাইল ফোনে যোগযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।