মৌলিক সংস্কৃতি ধরে রেখেছে নাট্যদলগুলো: তথ্যমন্ত্রী



ফাইল ছবিআকাশ সংস্কৃতির হিংস্র থাবার মাঝে নাট্যদলগুলো আমাদের মৌলিক সংস্কৃতি ধরে রাখছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বুধবার (২৫ ডিসেম্বর) রাতে তীর্যক নাট্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, ‘তরুণরা নাট্য চর্চাকে আবার বেগবান করার চেষ্টা করছে। আকাশ সংস্কৃতির হিংস্র থাবার মাঝেও আমাদের মৌলিক সংস্কৃতিকে নাট্যদলগুলো ধরে রাখার চেষ্টা করছে। এর জন্য নাট্যদলগুলো অবশ্যই সমাজ ও রাষ্ট্রের ধন্যবাদ পাওয়ার যোগ্য।’

হাছান মাহমুদ আরও বলেন, ‘স্বাধীনতাসহ সংগ্রামের সবক্ষেত্রে নাট্যদলগুলো অগ্রণী ভূমিকা পালন করেছিল। যখন গণতন্ত্র বাক্সবন্দি ছিল, গণতন্ত্রের পায়ে শেকল পরিয়ে দেওয়া হয়েছিল, তখন নাট্যদলগুলো ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পথ নাটকের মাধ্যমে এর প্রতিবাদ করেছিল।’

অনুষ্ঠানে নাট্য ব্যক্তিত্ব আহমেদ ইকবাল হায়দার সভাপতিত্বে করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতের পশ্চিমবঙ্গের নাট্যজন বিভাষ চক্রবর্তী ও মামুনুর রশিদ এবং বিদ্যুৎ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আহমেদ কাউকাউস।

এসময় বিভাষ চক্রবর্তী বলেন, ‘তীর্যক নাট্যদল যে আয়োজন করেছে, এর মাধ্যমে দুই দেশের অনেক নাট্য ব্যক্তিত্বের মিলন ঘটবে। তার একক প্রচেষ্টায় এখানে যে থিয়েটার ইনস্টিটিউটটি স্থাপিত হয়েছে। এটি একটি অসাধারণ কাজ। এ ধরনের থিয়েটার খুব কম আছে।’

এর আগে তিনদিনব্যাপী নাট্যমেলার উদ্বোধন করেন বিভাষ চক্রবর্তী। এসময় ‘চট্টগ্রাম নামা’ নামে একটি পরিবেশনা মঞ্চস্থ করে তীর্যক নাট্যদলের কর্মীরা।