বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল থেকে কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের দরিদ্র কৃষকের জমির পাকা ধান স্বেচ্ছাশ্রমে কেটে ঘরে তোলার মধ্য দিয়ে আনুষ্ঠানিক ধান কাটার কার্যক্রম উদ্বোধন হয়েছে। আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইস্কান্দার মির্জা শামিম এই কার্যক্রমের উদ্বোধন করেন।
এই সময় চর এলাহী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাহাব উদ্দিন মেম্বার, যুবলীগ নেতা মালেক, কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আল মামুন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সবুজ আলী, রোহান, শাহাদাৎ ও লিটনসহ অর্ধ শতাধিক স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
ইস্কান্দার মির্জা শামিম বলেন, 'কৃষকরা জমির পাকা ধান কাটতে পারছিলেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টির ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন স্বেচ্ছাশ্রমে সামাজিক দূরত্ব বজায় রেখে কৃষকদের ধান কেটে দিতে। প্রধানমন্ত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে, আমরা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এর নেতাকর্মীরা ধান কাটায় এগিয়ে এসেছি। যে কৃষক আমাদের ধান কেটে দিতে বলবে, আমরা তার জমিতে গিয়ে স্বেচ্ছাশ্রমে ধান কেটে দিয়ে আসবো।'
কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আল মামুন জানান, ছাত্রলীগ দেশের যে কোনও দূর্যোগ এবং ক্রান্তিলগ্নে সাধারণ মানুষের পাশে ছিল। প্রথম বারের মতো কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ইস্কান্দার মির্জা শামিমের নেতৃত্বে চর এলাহী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এর নেতাকর্মীরা কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
কৃষক লিটন ও এরশাদ জানান, লকডাউন থাকায় শ্রমিক সংকট দেখা দিয়েছে। মাঠে ধান পাকলেও, সে ধান কাটার কোনও ব্যবস্থা করতে পারছিলেন না। এমন সময় পাশে এসে দাঁড়ায় ছাত্রলীগের প্রায় ৪০ জন ভাই। সকাল থেকে দুপুর পর্যন্ত তারা প্রায় সাত বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন।
সেনবাগ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ আলম রিগান বলেন, করোনাভাইরাসের কারণে চলতি মৌসুমে অন্য জেলা বা থানা থেকে শ্রমিক না আসায় বিপাকে পড়েছেন সাধারণ কৃষকরা। আমরা তাদের সাহায্যে এগিয়ে এসেছি। প্রতিটি কমিটিতে স্বেচ্ছাশ্রমে কাজ করছে উপজেলা, পৌরসভা, কলেজ, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের ছাত্রলীগের নেতাকর্মীরা। উপজেলার সকল সাধারণ কৃষকের ধান সম্পূর্ণভাবে কটে ঘরে তুলে দেওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।