কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জাহাঙ্গীর আলম (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকাল ৫টার দিকে উপজেলার খাটিঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউপির খাটিঙ্গা টংখামুড়া এলাকার এলাচ মিয়ার ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান। তিনি বলেন, ‘জাহাঙ্গীর তাদের নিজ বাড়ির গাছের কাঁঠাল পাড়তে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেছে।  ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।’