শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির একটি ট্রলার তাদের উৎপাদিত ১০ টন সিমেন্ট নিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে সোনামড়া বন্দরে পৌঁছে। এর আগে কুমিল্লার বিবির বাজার গোমতীর অংশে বিআইডব্লিউটি’র চেয়ারম্যান গোলাম সাদেক বেলুন উড়িয়ে পরীক্ষামূলক নৌ চলাচল উদ্বোধন করেন এবং ট্রলারটিকে বিদায় জানান।
এ সময় কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, কাস্টমস অফিসার সুভাস চন্দ্র মজুমদার, অতিরিক্ত জেলা সুপার আজিমুল আহসান, তানভীর সালেহীন ইমন, কাস্টমস কর্মকর্তা শফিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
তখন সাংবাদিকদের রীভা গাঙ্গুলী দাস জানান, গত মে মাসে ঢাকায় দুই দেশের মধ্যে নতুন দুটি নৌপথের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, এর একটি রাজশাহী থেকে ভারতের দুলিহান এবং অপরটি কুমিল্লা দাউদকান্দি থেকে ত্রিপুরা সোনামুড়া।ওই চুক্তি অনুসারে আজ (শনিবার) প্রথম সিমেন্ট এক্সপোর্টের মাধ্যমে ট্রায়াল রান শুরু হলো। বাংলাদেশ ও ভারত দুই দেশের জন্য এটি একটি ঐতিহাসিক দিন। আপনারা জানেন সাধারণত দুই দেশের মধ্যে ট্রাক যুগে পণ্য আমদানি-রফতানি করা হয়। এই নৌপথ চালুর ফলে দুই দেশের মধ্যে বর্তমানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বৃদ্ধি পাবে এবং আমদানি-রফতানি ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
তিনি আরও জানান, নৌপথের নাব্যতা সংকট’সহ আরও যে সকল সমস্যা চিহ্নিত হবে সেগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে। এর ফলে দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।