মেঘনা থেকে অপহৃত কার্গোর মাস্টার ও সুকানি উদ্ধার

Lakshmipur

লক্ষ্মীপুরের রামগতি এলাকায় মেঘনা নদী থেকে এমডি নিউজিও ভাগ্যকুল নামে একটি কার্গো জাহাজের অপহৃত মাস্টার কামরুল ইসলাম ও সুকানি জসিমকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোররাতে রামগতি উপজেলার বড়খেরী এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন ও লক্ষ্মীপুর ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক রেজাউল করিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে যৌথ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। জলদস্যুরা পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহাজের মাস্টার ও সুকানিকে রেখে পালিয়ে যায়।

এর আগে শুক্রবার রামগতি উপজেলার মেঘনা নদীর টাংকির বাজার এলাকা থেকে কামরুল ইসলাম ও জসিমকে অপহরণ করা হয়। এরপর জলদস্যুরা তাদের পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

এ ঘটনার পর নৌযান শ্রমিকরা সারাদেশে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন। পরে পুলিশ তাদের উদ্ধার করলে নৌযান শ্রমিকরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নেন।

 

/জেবি/এসটি/