মিয়ানমার সীমান্তে ৪৭১ ভরি স্বর্ণসহ রোহিঙ্গা যুবক আটক

স্বর্ণসহ আটক রোহিঙ্গা যুবকমিয়ানমার থেকে কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে প্রবেশকালে ৪৭১ ভরি স্বর্ণালংকারসহ মো. কলিম (২১) নামে এক রোহিঙ্গা পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। সে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের কবির আহম্মেদের ছেলে। রবিবার (১ নভেম্বর) রাতে উখিয়ার পালংখালীর কুড়ারপাড়া এশিয়ান হাইওয়ে রোডস্থ ব্রিজ থেকে স্বর্ণসহ তাকে আটক করা হয়।

বিজিবি জানায়, ৩১টি স্বর্ণের বার ও বিভিন্ন প্রকার অলংকারসহ মোট ৪৭১ ভরি ৯ আনা ৪ রতি স্বর্ণ উদ্ধার করতে সক্ষম হয় তারা। যার দাম তিন কোটি পনের লাখ ৩৫ হাজার টাকা। উদ্ধার স্বর্ণগুলো মিয়ানমার থেকে রোহিঙ্গা  শিবিরে পাচার করছিল সে।

উদ্ধার স্বর্ণসোমবার (২ নভেম্বর) বিকালে এসব তথ্য নিশ্চত করে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, ‘মিয়ানমার থেকে একটি স্বর্ণের চালান উখিয়ার সীমান্ত দিয়ে প্রবেশ করতে পারে, এমন গোপন খবরে রবিবার রাতে বিজিবির একটি দল ওই এলাকার পালংখালী কুড়ারপাড়া নামক ব্রিজে অবস্থান নেয়। এ সময় সন্দেহজনক রোহিঙ্গা যুবক মো. কলিমকে আটক করে তারা। পরে তার শরীর তল্লাশি চালিয়ে কোমরে লুঙ্গির ভাজে লুকানো অবস্থায় এই স্বর্ণ পাওয়া যায়।’

বিজিবির এই কর্মকর্তা জানান, এ ঘটনায় আটক রোহিঙ্গাকে সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে উখিয়া থানায় সোপর্দ করে স্বর্ণালংকারগুলো কক্সবাজার ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।