বেগমগঞ্জে অস্ত্রসহ রয়েল গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আটক

 




আটক মো. ইমন হোসেন ওরফে ইছা আলমনোয়াখালীর বেগমগঞ্জের পৃথক স্থানে সোমবার (২৩ নভেম্বর) বিকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে রয়েল গ্রুপের সেকেন্ড ইন কমান্ডসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি দেশীয় পাইপগান ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।







সোমবার দুপুরে বেগমগঞ্জ মডেল থানা পুলিশের এক প্রেস নোটের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস নোটে জানানো হয়, অভিযানে রয়েল গ্রুপের সেকেন্ড ইন কমান্ড মো. ইমন হোসেন ওরফে ইছা আলমকে (২০) অস্ত্রসহ আটক করা হয়। পরে তার ভাষ্যমতে, গভীর রাতে বেগমগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মুজাহিদপুর এলাকার একটি মাছের প্রজেক্টে অভিযান চালিয়ে একটি দেশীয় পাইপগান ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ইমন বেগমগঞ্জের দক্ষিণ নাজিরপুর গ্রামের বাবুল হোসেন নুর মিয়ার ছেলে।

অপর অভিযানে ১ বছর এক মাসের সাজাপ্রাপ্ত আসামি নূর হোসেন জাবেদকে (২৪) আটক করা হয়। সে উপজেলার মধ্যম নাজিরপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। এছাড়া ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহমান রোবেলকে আটক করে পুলিশ। সে উপজেলার পৌর হাজীপুর এলাকার মৃত হাজী আব্দুল কাদেরের ছেলে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার বলেন, আটক আসামিদের গ্রেফতার দেখিয়ে বিকালে আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক তাদের জেলহাজতে প্রেরণ করেন।