হরষপুর রেল স্টেশনে অগ্নিকাণ্ড, ১২টি দোকান পুড়ে ছাই

অগ্নিকাণ্ডস্থলে উদ্ধার কাজে ব্যস্ত মানুষ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার মধ্যবর্তী হরষপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (৭ ডিসেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। এতে অন্তত ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। 

এলাকাবাসী জানায়, বিজয়নগর ও মাধবপুর এই দুই উপজেলার বাসিন্দাদের চলাচলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হরষপুর রেলওয়ে স্টেশন। সেখানে আজ ভোর ৫টার দিকে হঠাৎ করে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহুর্তে আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানে ছড়িয়ে পড়লে একের পর এক স্টেশনের প্ল্যাটফর্মে থাকা মুদি মালের দোকান, জুতা দোকান, স্টেশনারি দোকানসহ অন্তত ১২টি দোকান পুড়ে ভস্মীভূত হয়।  খবর পেয়ে স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রে আনেন।  

স্থানীয় মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামসুল ইসলাম (কামাল) জানান, ভোর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়া প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষয়ক্ষতি ও অগ্নিকাণ্ডের কারণ নিরূপনের চেষ্টা করা হচ্ছে। 

হরষপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মান্নান জানান, হঠাৎ অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্টেশনে ছুটে আসি। তাৎক্ষণিকভাবে ফায়াস সার্ভিস, পল্লী বিদ্যুতের অফিসসহ স্থানীয় প্রশাসনকে অবহিত করি। তবে আশপাশে ফায়ার সার্ভিসের স্টেশন না থাকায় তাদের আসতে বিলম্ব হওয়ায় স্থানীয় গ্রামবাসী ও মাদ্রাসার ছাত্রদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ আসে।