শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ওই এলাকার রেলওয়ে কলোনীর ৪ নম্বর ভবনের দ্বিতীয় তলার বাসা থেকে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুজ্জামান।
সানজিদা আক্তার মিশু ওই এলাকার বাসিন্দা মাহফুজুর রহমানের মেয়ে। মিশু খুলশী ওয়ারলেস কলোনি এলাকার একটি স্কুলের নবম শ্রেণিতে পড়তেন।
মোহাম্মদ শাহিনুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মিশুর পরিবার পুলিশকে জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে মোবাইলে ইউটিউবে ভিডিও দেখা নিয়ে ছোট বোনের সঙ্গে মিশুর ঝগড়া হয়। এই নিয়ে তার বাবা তাকে বকাঝকা করেন। পাশাপাশি ইউটিউবে ভিডিও দেখতে নিষেধ করেন। এরপর পরিবারের সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে মিশুকে অনেক ডাকাডাকি করেও তার কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে রুমে ঢুকে তার বাবা দেখেন মিশু গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।