মডেলিংয়ের প্রস্তাব দিয়ে চট্টগ্রামে এনে এক তরুণীর কাছ থেকে টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ। তরুণীর অভিযোগের ভিত্তিতে শনিবার (৬ ফেব্রুয়ারি) রাতে ডবলমুরিং থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডবলমুরিং মডেল থানার কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য জানিয়েছেন। তাদের কাছ থেকে লুণ্ঠিত টাকা ও মোবাইল উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।
গ্রেফতার তিন জন হলো–আনোয়ার ইসলাম সানি (২৭), মো. আরাফাত (২৬), আহমেদ উল্লাহ (২৩) ও রবিউল হোসেন হৃদয় (২২)।
ওসি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভিকটিম তরুণী ঢাকায় থাকেন। তিনি ঢাকায় ফটোসেশন মডেলিংয়ের কাজ করেন। ফেসবুক আইডির মাধ্যমে দুই বছর আগে তার সঙ্গে আসামি সানির পরিচয় হয়। কয়েকদিন আগে মডেলিংয়ের অফার দিয়ে সানি তাকে চট্টগ্রামে নিয়ে আসে। এরপর কৌশলে তার কাছ থেকে ৩৪ হাজার ৭০০ টাকা এবং মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় সানি ও তার সহযোগীরা। আমরা ভিকটিমের সংবাদের ভিত্তিতে ঘটনার বিষয়টি জেনে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করি।’
তিনি আরও বলেন, ‘ফেসবুকের মাধ্যমেই এ ধরনের প্রতারণা করতো সানির নেতৃত্বাধীন এই চক্র। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’