কক্সবাজারে সাত বস্তায় মিললো ১৪ লাখ পিস ইয়াবা, গ্রেফতার ২

সদর উপজেলার চৌফলদণ্ডী ব্রিজের কাছাকাছি একটি বোট থেকে সাত বস্তা ইয়াবা উদ্ধার করা হয়েছে। সাত বস্তায় ১৪ লাখ ইয়াবা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে কক্সবাজারের পুলিশ সুপার হাসানুজ্জামানের নেতৃত্বে এক অভিযান চালিয়ে ইয়াবার এ চালান জব্দ করা হয়।

চালানের সঙ্গে জড়িত দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। আটক ব্যক্তিরা হলো কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়ার নজরুলের ছেলে মোহাম্মদ ফারুক ও তার সহযোগী বাবু।

ঘটনাস্থল থেকে কক্সবাজারের পুলিশ সুপার হাসানুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের কয়েকটি দলের সমন্বয়ে চালানো অভিযানে একটি বোট থেকে ইয়াবা ভর্তি সাতটি বস্তা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ২৫ থেকে ৩০ কার্টন ইয়াবা পাওয়া গেছে। সর্বমোট ১৪ লাখ ইয়াবা রয়েছে।

পুলিশ সুপার হাসানুজ্জামান বলেন, এই চালানের সঙ্গে একটি চক্র জড়িত। এই চক্রের দুই জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের ধরতে কাজ চলছে বলে জানান তিনি।