কোম্পানীগঞ্জে বিশৃঙ্খলা হতে দিবো না: এসপি আলমগীর

আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনাকে ঘিরে ফের কোনও বিশৃঙ্খল ঘটনা ও প্রাণহানি যাতে না ঘটে সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, কোম্পানীগঞ্জে আর কোনোভাবেই বিশৃঙ্খলা হতে দিবো না। সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে শুক্রবার (১২ মার্চ) দ্বিতীয় দিনের মতো বসুরহাট পৌর এলাকাসহ কোম্পানীগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। সকালেও বসুরহাট বাজারের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।

ফের কোনও প্রকার অপ্রীতিকর ও বিশৃঙ্খলা এড়াতে নোয়াখালীর পুলিশ সুপার ছাড়াও চট্টগ্রাম রেঞ্জের একজন এসপি, সার্বক্ষণিক দুই জন এএসপি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করছেন।

এছাড়া প্রায় ৩০ জন পুলিশ পরিদর্শকের নেতৃত্বে তিন শতাধিক পুলিশ ও ডিবি পুলিশ এবং র‌্যাবের ২টি টিম মোতায়েন রয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, সম্প্রতি নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে কোম্পানীগঞ্জে রাজনৈতিক উত্তাপ ছড়াতে শুরু করে। গত ১৯ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জের চাপরাশিরহাট পূর্ব বাজারে আব্দুল কাদের মির্জা ও মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে নির্বাচন পরবর্তী সহিংসতায় স্থানীয় এক সাংবাদিক নিহতের ঘটনায় সারাদেশে বিষয়টি নিয়ে সমালোচনা হয়। এরপর থেকে পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত হয়ে ওঠে বসুরহাট পৌর এলাকা। সর্বশেষ মঙ্গলবার দু'পক্ষের সংঘর্ষে একজন নিহতসহ অর্ধশত আহত হয়েছেন। একের পর এক হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা।