সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান সীমিতকরণের নির্দেশ

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কমিউনিটি সেন্টার, কনভেনশন হল, রেস্টুরেন্ট ও বিনোদন কেন্দ্রে অনুষ্ঠান সীমিতকরণের নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। রবিবার (২১ মার্চ) জেলা প্রশাসক কার্যালয় থেকে জারি করা এক পরিপত্রে এইসব নির্দেশনা প্রদান করা হয়।

জেলা প্রশাসক মমিনুর রহমান স্বাক্ষরিত ওই পরিপত্রে সাতটি নির্দেশনা প্রদান করা হয়। পরিপত্রে বলা হয়, চট্টগ্রাম জেলা এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় করোনার সংক্রমণ মোকাবিলায় সরকার কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি নির্দেশনা প্রতিপালন, মাস্ক পরিধান নিশ্চিতকরণ, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণসহ নিম্নোক্ত শর্তাবলী মেনে কমিউনিটি সেন্টার, কনভেনশন হল, হোটেল, রেস্টুরেন্ট, বিনোদন কেন্দ্র, সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক অনুষ্ঠান পরিচালনা করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।

নির্দেশনাগুলো হলো: কমিউনিটি সেন্টারে অতিথিদের বসার ধারণ ক্ষমতার চার ভাগের এক ভাবের বেশি অতিথিদের জন্য বসার ব্যবস্থা করা যাবে না। ১০০ জনের বেশি অতিথিদের উপস্থিতি নিরুৎসাহিত করা হলো।

করোনার ঝুঁকি এড়াতে অতিথিদের প্রবেশের পূর্বে তাপমাত্রা পরীক্ষা, হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত পরিষ্কার করাসহ স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে হবে। করোনা সংক্রমণ ঝুঁকি এড়াতে যথাযথ শারীরিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে হবে।

অতিথিদের অবশ্যই মাস্ক পরে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে হবে। প্রবেশ এবং বের হওয়ার জন্য আলাদা পথ রাখতে হবে। অনুষ্ঠানস্থলে প্রবেশ এবং বাহির হওয়ার সময় অতিথিদের কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রাখতে হবে।