সতর্কের পরেও বিবাহবহির্ভূত সম্পর্ক রাখায় স্ত্রীকে হত্যা!

কুমিল্লার বুড়িচংয়ে বটি দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যার দুই দিন পর পলাতক স্বামী রমজান আলীকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ মে) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে রমজান আলীকে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা বুড়িচং থানার উপ-পরিদর্শক বাদল মিয়া।

রমজান আদালতকে জানান, তার স্ত্রী রীমা আক্তার বিবহাবহির্ভূত সম্পর্কে জড়িত পড়েন। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার স্ত্রীকে সতর্ক করেন রমজান। গত মঙ্গলবার কৌশলে বাড়ির সবাইকে কোটবাড়ি বিনোদন কেন্দ্রে পাঠান তিনি। পরে স্ত্রী রীমাকে প্রথমে গলা চেপে ধরে হত্যার চেষ্টা করেন, না পেরে বটি দা দিয়ে কুপিয়ে হত্যা করেন তিনি।

মামলার তদন্ত কর্মকর্তা বাদল মিয়া জানান, বুড়িচং উপজেলার জগতপুর গ্রামে রীমাকে হত্যার পর মঙ্গলবার রাতে নিহতের বড় বোন মোসা. আফরিন সুলতানা সীমা বাদী হয়ে মো. রমজান আলী, তার ছোটভাই মো. ছাদ্দাম হোসেন ও ছোটবোন মোসা. চাঁদনী আক্তারের বিরুদ্ধে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তথ্য প্রযুক্তির সহয়তায় বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের গন্ধবপুর এলাকা থেকে রমজানকে আটক করে পুলিশ। শুক্রবার বিকালে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম রোকেয়া বেগমের আদালতে স্ত্রী রীমা হত্যার বিষয়ে জবানবন্দি দেন রমজান।

প্রসঙ্গত, মঙ্গলবার স্ত্রীকে কুপিয়ে হত্যার পর পালিয়ে যান রমজান। রমজান ও রীমা দম্পতির ঘরে তাকিয়া নামের ৮ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।