হেফাজতে ইসলামের নেতাকর্মীদের প্রতি কওমি চিন্তা-চেতনাকে সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন সংগঠনটির উপদেষ্টা মুহিবুল্লাহ বাবুনগরী। হেফাজতের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা আহলে সুন্নত ওয়াল জামাত’র আকিদা ও আকাবিরে উলামায়ে দেওবন্দের মাসলাহ থেকে এক ইঞ্চি পিছপা হবেন না। আগের ঘোষণামতো কোনও রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে এজেন্ডা বাস্তবায়নের কাজে ব্যবহার হবেন না। সদা কওমি চিন্তা-চেতনাকে সমুন্নত রাখা এবং আত্মমর্যাদাবোধ ও স্বকীয়তা বজায় রাখার চেষ্টা করবেন।
সোমবার (৭ জুন) হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন কমিটি ঘোষণার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
মামুনুলদের বাদ দিয়ে হেফাজতের কমিটি ঘোষণা
মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, হেফাজতে ইসলাম আগের মতো সম্পূর্ণ নিষ্ঠা ও ইখলাসের সঙ্গে ইসলাম, দেশ ও জাতির উদ্দেশ্যে নিরলস খেদমত করে যাবে বলে আমি আশা রাখি। এদেশের কোটি কোটি জনগণের প্রাণের স্পন্দন ও আশার সংগঠন 'হেফাজতে ইসলাম' তাদের ধর্মীয় মৌলিক অধিকার আদায়ে সক্ষম হবে।
হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের প্রায় ১৬ কোটি মানুষের ঈমান-আকিদা ও আমল- আখলাক এবং চিন্তা- চেতনাকে অক্ষুন্ন ও অম্লান রাখার উদ্দেশ্যে মোট ১৩টি দাবি নিয়ে ২০১০ সালে সর্বপ্রথম এই সংগঠন আত্মপ্রকাশ করে। দেশের বর্ষীয়ান আলেম সমাজের পরামর্শক্রমে আহমদ শফীকে আমির নিযুক্ত করে এই সংগঠনের কার্যক্রম শুরু হয়। নাস্তিক-মুরতাদদের দৌরাত্ম্য ও আস্ফালন বন্ধ করাসহ সব ধরনের অনৈসলামিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য এই সংগঠনের জন্ম।
সংবাদ সম্মেলনের আগেই হেফাজতের কমিটি ফাঁস?
৯০ শতাংশ সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের দেশে এই রকম একটা সংগঠন জনগণের প্রাণের দাবি। জন্মলগ্ন থেকে এই সংগঠন জনগণের আস্থা-বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।
তিনি আরও বলেন, সম্প্রতি সংগঠনের ওপর কিছু ঝড়-ঝাপটা বয়ে গেলেও সব ধরনের অপ্রীতিকর ও প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে নতুন আঙ্গিকে হেফাজতে ইসলামের নতুন কমিটি ঘোষণা হওয়ায় আমি আন্তরিকভাবে আনন্দিত। সংগঠনটির আমির ও মহাসচিবসহ ছোট-বড় সব নেতাকর্মী ও সমর্থকদের শুভেচ্ছা জানান তিনি।