চট্টগ্রামে উপজেলাগুলোতে রোগী বাড়ছে

চট্টগ্রামে করোনার সংক্রমণ বাড়ছে। তবে নগরীর তুলনায় এখন উপজেলায় করোনা রোগীর সংখ্যা বেশি। বুধবার (২৩ জুন) ২৩৬ জন শনাক্তের তথ্য জানানো হলেও বৃহস্পতিবার (২৪ জুন) নতুন আরও ২৪৭ জনের করোনা শনাক্তের তথ্য জানানো হয়েছে। নতুন শনাক্তের তথ্যে দেখা গেছে নগরীতে নতুন রোগী ১২৩ জন, অন্যদিকে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় শনাক্ত হয়েছেন ১২৪ জন।

একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মারা গেছেন আরও একজন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে ৬৬৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৬৪ জন নগরীর, বাকি ২০২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বাংলা ট্রিবিউনকে বলেন, গত ২৪ ঘণ্টায় ১১টি ল্যাবে এক হাজার ১৬২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৪৭টি নমুনা করোনা পজিটিভ শনাক্ত হয়।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫৬টি নমুনা পরীক্ষা করা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩৯৮টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১০৬টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৭০টি এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১৭টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে চবি ল্যাবে ৮৫ জন, বিআইটিআইডি ল্যাবে ৪৬ জন, চমেক ল্যাবে ২৫ জন, সিভাসু ল্যাবে ২৩ জন এবং আরটিআরএল ল্যাবে ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে।

অন্যদিকে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৯৭টি নমুনা পরীক্ষা করে ১৮ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ১৫০টি নমুনা পরীক্ষায় ১৯ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪৫টি নমুনা পরীক্ষা করে ১৪ জন এবং মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১৩টি নমুনা পরীক্ষায় সাত জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

এছাড়া কক্সাবাজার হাসপাতাল ল্যাবে চট্টগ্রামের ৮টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা উপস্থিতি পাওয়া যায়নি।