করোনাভাইরাস রোধে সরকার আরোপিত কঠোর লকডাউন উপেক্ষা করে ঈদ পরবর্তী বিনোদনের জন্য ব্রাহ্মণবাড়িয়ার একটি রিসোর্টে ঘুরতে গিয়ে জরিমানা গুনেছেন ২৫ নারী-পুরুষ। শুক্রবার (২৩ জুলাই) দুপুরে জেলার কসবা উপজেলার কুটি ইউনিয়নের কাঠের পুল এলাকায় ‘কিং অব কসবা’ নামক রিসোর্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান। তিনি বলেন, ‘সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে প্রশাসন কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে আজ দুপুরে কিং অফ কসবা রিসোর্টে ঘোরাঘুরি করতে আসা ২৫ জনকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।’
তিনি আরও বলেন, ‘লকডাউন বাস্তবায়নে আমরা প্রচার-প্রচারণা ও মাস্ক বিতরণের মাধ্যমে মানুষকে সচেতন করছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’
অভিযানকালে সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।