চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত আট জনের মৃত্যু হয়েছে। নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৬১৬ জনের। শুক্রবার (১৩ আগস্ট) সকালে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে করোনায় আক্রান্ত নয় জনের মৃত্যুর খবর পাওয়া যায়। যার মধ্যে আট জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ১১১ জন। তাদের মধ্যে ৬৪৩ জন চট্টগ্রাম নগরীর, বাকি ৪৬৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
অন্যদিকে চট্টগ্রামে মোট ৯৩ হাজার ৮৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৬৯ হাজার ৪১ জন চট্টগ্রাম নগরীর। বাকি ২৪ হাজার ৮০৯ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১১টি ল্যাবে দুই হাজার ৫৪৭টি নমুনা পরীক্ষায় ৬১৬ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৫৭টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৭৩৩টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৭৭টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৬৯টি এবং আরটিআরএল ল্যাবে ২৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চবি ল্যাবে ৮০, বিআইটিআইডি ল্যাবে ৮৬, চমেক ল্যাবে ১০২, সিভাসু ল্যাবে ৯৮ ও আরটিআরএল ল্যাবে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া এদিন ২৯২টি অ্যান্টিজেন পরীক্ষায় ৬১ জনের করোনা শনাক্ত হয়।
অন্যদিকে বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ১৪০টি নমুনা পরীক্ষায় ২০, শেভরন হাসপাতাল ল্যাবে ২০৭টি নমুনা পরীক্ষায় ৩৩, মা ও শিশু হাসপাতালে ৫৯টি নমুনা পরীক্ষায় ১২, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৩৫টি নমুনা পরীক্ষায় ১৩ ও ইপিক হেলথ কেয়ারে ২১৩টি নমুনা পরীক্ষায় ৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালে চট্টগ্রামের ৪১টি নমুনা পরীক্ষায় কারও করোনা শনাক্ত হয়নি।