আমরা বঙ্গবন্ধুর আদর্শ থেকে দূরে সরে আসছি: মোকতাদির চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, অসমাপ্ত আত্মজীবনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাম্প্রদায়িকতার বিপক্ষে লিখেছেন। শক্ত গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন। ধনী-দরিদ্র বৈষম্য কমিয়ে সুচারু গণতান্ত্রিক ও অর্থনীতির কথা বলেছেন। কিন্তু এসব এখন অনুপস্থিত।

তিনি বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শ থেকে দূরে সরে আসছি। আমরা ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে সামনে আনতে পারিনি। অনেকেই ষড়যন্ত্র করেছিল সেদিন। তাদের মুখোশ উন্মোচন করা দরকার ছিল। কেন তাহেরউদ্দিন ঠাকুর, নূরুল ইসলামের সাজা হলো না? কে এম ওবায়দুর রহমান, শাহ মোয়াজ্জেম হোসেন কীভাবে ছাড় পেয়ে গেলো। তারা ভালো মানুষ হয়ে গেলো?

রবিবার (১৫ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

এমপি মোকতাদির চৌধুরী বলেন, বঙ্গবন্ধু হত্যায় নেপথ্যে কারা ছিল তদন্ত করে তাদের সামনে আনা হোক। আমরা নেপথ্যের ঘটনার অবসান চাই। বঙ্গবন্ধুকে হত্যার পর সারাদেশে আলবদর, রাজাকার, স্বাধীনতাবিরোধী যারা ছিল, তারা সেদিন মাঠে নেমেছিল। সেদিনের অবস্থা দেখে মনে হয়েছিল, দেশটা তাদের হয়ে গেছে। তাদেরও খুঁজে বের করতে হবে।

জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পৌর মেয়র নায়ার কবীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. শাহ আলম, জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন সাঈদ ও জেলা সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ প্রমুখ।