কওমি মাদ্রাসাসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী। মঙ্গলবার (১৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে জুনায়েদ বাবুনগরী বলেন, ‘দেশের সার্বিক আর্থসামাজিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার ১১ আগস্ট থেকে অফিস, হাট-বাজার, ব্যবসা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম চালুর অনুমতি এবং সীমিত পরিসরে গণপরিবহন খুলে দিয়েছে। এছাড়া আগামী ১৯ আগস্ট থেকে পর্যটন, বিনোদনকেন্দ্র চিড়িয়াখানা ও গণপরিবহন চলাচলে সব বিধিনিষেধ তুলে নিচ্ছে। সরকারের এ সিদ্ধান্তকে আমরা বাস্তবসম্মত ও জনচাহিদার প্রতিফলন হিসেবে দেখছি। এ পরিস্থিতিতে দেশের ছাত্র, শিক্ষক, অভিভাবকদের সঙ্গে সরকারের কাছে আমরাও জোর আহ্বান জানাই, ছুটি আর দীর্ঘায়িত না করে অবিলম্বে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হোক।’
ছাত্র-ছাত্রীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হওয়ার কথা তুলে ধরে হেফাজত আমির বলেন, ‘শিক্ষার ধারাবাহিকতা থেকে দীর্ঘদিন দূরে থাকার কারণে দেশের প্রতিটি শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং শিক্ষকরা আজ দিশেহারা। বই-পুস্তকের সঙ্গে কোমলমতি ছোট শিক্ষার্থীদের যেমন ব্যাপক ফারাক তৈরি হয়েছে, তেমনি কিশোর বয়সের শিক্ষার্থীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। যে সময়টা তারা বই-পুস্তুক ও নৈতিকতার অনুশীলনে ব্যয় করতো, সেটা তারা পার করছে মোবাইল ফোন-ইন্টারনেটের ক্ষতিকর ব্যবহার অথবা বন্ধু-বান্ধবের সঙ্গে অহেতুক আড্ডা দিয়ে। পাশাপাশি নানা ধরনের কিশোর অপরাধ আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। অভিভাবকরা সন্তানদের বিপথগামিতা ও ভবিষ্যৎ ভেবে গভীর উৎকণ্ঠায় ভুগছেন।’
হেফাজত আমির বলেন, ‘ইতোমধ্যে দেশের আলেম সমাজও সরকারের প্রতি মাদ্রাসাগুলো খুলে দিতে বারবার আহ্বান জানিয়ে আসছেন। যাতে লাখ লাখ মাদ্রাসাছাত্রের শিক্ষার ধারাবাহিকতা অক্ষুণ্ন থাকে। পাশাপাশি কুরআন-হাদিস ও ইসলামি জ্ঞান চর্চার বরকতে করোনাসহ সব বিপদাপদ থেকে দেশ ও জাতি রক্ষা পায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে দেশের স্বাস্থ্য বিভাগ থেকেও বলা হচ্ছে, করোনায় কম বয়সীদের তেমন ক্ষতি হচ্ছে না। এমন পরিস্থিতিতে সবকিছু উন্মুক্ত রেখে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কোনও যৌক্তিকতা থাকে না।’
তিনি আরও বলেন, ‘সরকার গত বছরের আগস্ট থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত কওমি মাদ্রাসাগুলোর শিক্ষা কার্যক্রম চালু রাখার অনুমতি দিয়েছিল। ওই আট মাসে কোনও মাদ্রাসায় করোনা ছড়িয়ে পড়ার নজির ছিল না। কওমি মাদ্রাসাগুলোর এই ইতিবাচক অভিজ্ঞতার আলোকে শুধু মাদ্রাসা নয়, বরং কোনও শিক্ষাপ্রতিষ্ঠানই বন্ধ রাখা বাস্তবসম্মত নয়। সুতরাং মাদ্রাসাসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান চালু করতে সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।’