ব্রাহ্মণবাড়িয়ায় শাহীন মিয়া (২৫) নামে এক যুবককে হত্যার পর ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে গেছে ছিনতাইকারীরা। বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত দেড়টার দিকে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শাহীন মেড্ডা মৌভাগ এলাকার জাকির হোসেনের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে যাত্রীবেশে কয়েকজন ছিনতাইকারী শাহীনের অটোরিকশায় ওঠে। এরপর উলচাপাড়ায় যায় তারা। সেখানে শাহীনকে ছুরিকাঘাতে হত্যার পর অটোরিকশা ছিনিয়ে নিয়ে যায়। মৃত্যুর আগে ফোন করে ছোটভাই সাইফুল ইসলামকে ঘটনার বিবরণ ও ঘটনাস্থল সম্পর্কে বলেন শাহীন। পরে পুলিশসহ স্বজনরা ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে।
সাইফুল ইসলাম বলেন, গতকাল রাতে আমার বাবার মোবাইলে ফোন করে ভাই জানায়, তাকে ছুরি দিয়ে আঘাত করে রাস্তায় ফেলে গেছে কারা। পরে আমরা ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
শহীনের চাচাতো ভাই মো. হৃদয় বলেন, গতকাল রাতে ভাইয়ের গ্যারেজে একজন লোক আসে যাত্রী হিসেবে। তখন তাকে উলচাপাড়া নিয়ে যাওয়ার কথা বলে গাড়ি নিয়ে যায়। কিছুক্ষণ পর জানতে পারি, একটি চক্র আমার ভাইকে ছুরি দিয়ে আঘাত করে গাড়ি নিয়ে গেছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, আমরা ইতোমধ্যে হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতারে অভিযান শুরু করেছি। অচিরেই তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।