চট্টগ্রামে আরও ৪ মৃত্যু, নতুন শনাক্ত ৩৩২

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও চার জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। একই সময়ে এখানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৩২ জন। শনিবার (২১ আগস্ট) সকালে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ১৭০ জন। এর মধ্যে ৬৬৫ জন চট্টগ্রাম নগরীর, বাকি ৫০৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। অন্যদিকে এই পর্যন্ত চট্টগ্রামে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৯৬ হাজার ৮৩৫ জন। এর মধ্যে ৭০ হাজার ৮৫১ জন চট্টগ্রাম নগরীর। বাকি ২৫ হাজার ৯৮৪জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা। 

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১০টি ল্যাবে দুই হাজার ৬০৬টি নমুনা পরীক্ষায় ৩৩২ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৭৮টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে এক হাজার ৩৩টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩১১টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চবি ল্যাবে ৫৫ জন, বিআইটিআইডি ল্যাবে ৫৫ জন, চমেক ল্যাবে ৫৪ জন এবং সিভাসু ল্যাবে ৪৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এদিন ২১০টি অ্যান্টিজেন পরীক্ষায় আরও ৩৫ জন করোনা পজিটিভ শনাক্ত হন।

অন্যদিকে, বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ১১০টি নমুনা পরীক্ষায় ১২ জন, শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ৪২০টি নমুনা পরীক্ষায় ২৯ জন, মা ও শিশু হাসপাতলে ৪১টি নমুনা পরীক্ষা করে ১৫ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৩১টি নমুনা পরীক্ষা করে ১০ জন এবং ইপিক হেলথ কেয়ারে ৬৯টি নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজে চট্টগ্রামের চারটি নমুনা পরীক্ষা করে কারও করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।