কক্সবাজারের রামুতে বন বিভাগের জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফেরার সময় দখলদারদের হামলায় দুই রেঞ্জ কর্মকর্তাসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রামু উপজেলার জোয়ারিয়ানালা রেঞ্জের ভিআইপি পাহাড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহতদের মধ্যে রয়েছেন– কক্সবাজার উত্তর বন বিভাগের জোয়ারিয়ানালা রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ, পিএমখালী রেঞ্জ কর্মকর্তা আবদুল জব্বার, বন প্রহরী বাসুদেব বণিক, বাগান মালি অসিত পাল। গুরুতর আহতদের আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে কক্সবাজার উত্তর বিভাগীয় বন কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, একদল ভূমিদস্যু অতর্কিত এ হামলা চালায়। এতে অন্তত ১২ জন আহত হয়। এ ব্যাপারে রামু থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।